কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সারা দেশের ন্যায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। “জনবান্ধব অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি, অনলাইন ভূমি সেবা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, “ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন ডিজিটাল ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভূমি বিষয়ক তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন, যা হয়রানি কমানোর পাশাপাশি সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে সেবাগ্রহীতারা এখন দ্রুত ও সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। তিনি জনগণকে অনলাইনভিত্তিক ভূমি সেবা ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতাও বৃদ্ধি পাবে।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু