কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এমপি।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার উন্নয়ন, সম্ভাবনা, সুশাসন, প্রশাসনিক জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ইউনুস আলী, শ্যামল ভৌমিক, ও বাদশা সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য ওয়াহিদুজ্জামান তুহিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা হলেও নানা অব্যবস্থাপনা, দুর্নীতি ও দীর্ঘদিনের অবহেলার কারণে জেলার কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের দর্পণ। জেলার সমস্যা, দুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন। আপনাদের লেখনী ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। কুড়িগ্রামের নদীভাঙন, বেকারত্ব, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহজ হবে। আপনাদের সংবাদের সূত্র ধরে আমরা সংসদে কথা বলতে পারব।
ড. মুজাহিদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনের কাজ করার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
রিপোর্টার্স২৪/ফয়সাল