সিনিয়র রিপোর্টার : পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম গণ্যমাধ্যমকে বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।
একটি সূত্র জানায়, ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে।
জানা গেছে, ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান। এর আগে রাজশাহী পুলিশের ডিআইজি ছিলেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপারও ছিলেন ইকবাল বাহার। ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বাহারের জন্ম ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর। গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।