মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলাতে আতিকুর রহমান হানিফ নামের এক ব্যক্তির বাড়ির মূল ফটকের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সকালে স্থানীয়রা বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আতিকুর রহমান হানিফ উপজেলার চর গোয়াল গ্রামের সদরপাড়া বড় মসজিদপাড়ার বাসিন্দা এবং অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম-এর বড় ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হানিফের বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এসএন