সিনিয়র রিপোর্টার: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাে কুকুরের কামড়ে একাধিক মৃত্যুর ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২০ মে) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম সাইফুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী।
এ ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবী মো. শাফিনুর ইসলাম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।
শুনানি শেষে আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের জানান, গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হন এবং পরবর্তীতে পাঁচজন মারা যান বলে দাবি করা হয়েছে। সরকারি হাসপাতালে টিকা না পেয়ে অনেকে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেন বলেও তিনি উল্লেখ করেন।
হাইকোর্ট গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনার কারণ, মৃত্যুর সংখ্যা ও সম্ভাব্য গাফিলতি আছে কি না তা তদন্ত করে ঈদের ছুটির পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন