প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 20-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ কুষ্টিয়ায় মাদ্রাসা সুপারের ছেলের উত্তরপত্র লিখে আটক তিন শিক্ষক
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি (দাখিল) পরীক্ষায় এক মাদ্রাসা সুপারের ছেলের উত্তরপত্র বাইরে থেকে লিখে এনে জমা দেওয়ার সময় তিন শিক্ষককে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক তিন শিক্ষকের ওইদিন পরীক্ষাকেন্দ্রে কোনো ডিউটি ছিল না বলে জানা গেছে।
আটক শিক্ষকরা হলেন— মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) এবং মোছা. মাতোয়ারা খাতুন। বহিষ্কৃত পরীক্ষার্থী নাসিরুল্লাহ ওই মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে।
র্যাব সূত্র জানায়, জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী নাসিরুল্লাহর উত্তরপত্র বাইরে থেকে লিখে এনে জমা দিচ্ছিলেন ওই তিন শিক্ষক। অভিযোগ রয়েছে, অবৈধ অর্থের বিনিময়ে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। বুধবারও একই কায়দায় উত্তরপত্র লিখে দেওয়ার সময় র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে যান। তদন্ত শেষে অভিযুক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
আটক শিক্ষকরা দাবি করেছেন, মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাস তাদের বাধ্য করে এই কাজ করিয়েছেন। তাদের ভাষ্য, তারা স্বেচ্ছায় এ কাজ করেননি।
তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর প্রদীপ কুমার দাস বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হই। তদন্ত করে জানতে পারি, এর আগেও বাইরে থেকে খাতায় লিখে এনে জমা দেওয়ার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। আজও র্যাবের হাতে বাইরে থেকে তিনজন শিক্ষক আটক হওয়ার বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়েছে।”