প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 21-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন রিনা সুলতানা
বাগেরহাট প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাগেরহাট জেলার “শ্রেষ্ঠ শিক্ষিকা” হিসেবে নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা সুলতানা। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। তার এই অর্জনে বাগেরহাটের প্রাথমিক শিক্ষা পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিনা সুলতানা বিদ্যালয় পর্যায়ের পাঠদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা (টিজি) রচনা ও সম্পাদনার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এছাড়া তিনি প্রাথমিক শিক্ষা সফটওয়্যার আইপিইএমআইএস (IPEMIS) এবং বাংলা বিষয়ের বাগেরহাট সদর উপজেলার একজন দক্ষ মাস্টার ট্রেইনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাক্রম উন্নয়নে তার বহুমুখী অবদান জেলার প্রাথমিক শিক্ষাকে সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর প্রতিক্রিয়ায় রিনা সুলতানা বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের উদ্দীপনা বাড়িয়ে দেয়। আমি আমার দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করেছি। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমার শিক্ষকতা জীবনের মূল লক্ষ্য।”
তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতার জন্য জেলার সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রিনা সুলতানার এ অর্জন জেলার অন্যান্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।