লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ঝুমুর চত্বরে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ ও ‘সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসাইন, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষারসহ অনেকে।
বক্তারা বলেন, সাত বছরের শিশু রামিসাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর আগে আছিয়া, তনুসহ আরও অনেক নারী ও শিশু একই ধরনের সহিংসতার শিকার হয়েছে। কিন্তু এসব ঘটনার বিচার দৃশ্যমান না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
তারা অভিযোগ করেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ঘরের বাইরে বের হলেই নারীরা অনিরাপদ বোধ করছেন। ধর্ষণের ঘটনায় মামলা ও গ্রেপ্তার হলেও দ্রুত ও কার্যকর বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স/এসএন