গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সদর উপজেলা কৃষি অফিস। কৃষকদের উন্নয়নে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে আসছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে চরাঞ্চলের কৃষকদের কৃষক গ্রুপের মাঝে সেচযন্ত্র ও পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার দত্ত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা প্রকল্পের সুবিধাভোগীরা জানান, কৃষিকাজে প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ তারা কৃষি অফিস থেকে পেয়ে থাকেন। যেকোনো পরিস্থিতিতে এ দপ্তর থেকে সেবা পাওয়ায় কৃষিকাজে নতুন আশার সঞ্চার হয়েছে বলে তারা মনে করেন।
সচেতন মহলের মতে, কৃষিতে সঠিক পরিকল্পনা ও সময়মতো প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। উপজেলা কৃষি অফিসের সার্বক্ষণিক তদারকি কৃষকদের কৃষিকাজে উদ্বুদ্ধ করছে এবং এতে তারা উপকৃত হচ্ছেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ জেলার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। তবে সংরক্ষণের অভাবে অনেক সময় পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এয়ার ফ্লো মেশিন এ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সেচ মেশিনসহ অন্যান্য কৃষিযন্ত্র কৃষক গ্রুপকে দেওয়ায় সেচ খাতে অতিরিক্ত খরচ কমবে। সব মিলিয়ে চরাঞ্চলের কৃষকদের জন্য এসব কৃষিযন্ত্র আশীর্বাদ হিসেবে কাজ করবে।
রিপোর্টার্স২৪/মিতু