চট্টগ্রাম প্রতিনিধি: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলোর কাজ শতভাগ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেন, হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পগুলোর কাজ গত আট-দশ বছর ধরে চলছে। এখন এগুলোর সমাপ্তি দরকার। যেন জনগণ এর সুফল পুরোপুরি ভোগ করতে পারে
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বড় বড় প্রকল্পগুলোর কাজ প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ শেষ হয়ে আছে। ছোট ছোট কিছু জটিলতা কারণে সাধারণ মানুষ বড় প্রকল্পগুলোর সুফল শতভাগ পাচ্ছে না। আমার এবারের চট্টগ্রাম সফরের মূল উদ্দেশ্যই হলো এই আটকে থাকা কাজগুলোর সমাধান করা। চট্টগ্রাম ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে তাদের অংশের কাজ শেষ করার আশ্বাস মিলেছে। এ ছাড়া ফ্লাইওভারের র্যাম্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও তা সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বিষয়ে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) বরাতে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। এই বর্ষাতেই জনগণ এর সুফল পেতে শুরু করবে বলে আশা করছি। সিডিএর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনও ২১টি ছোট ছোট খাল নিয়ে কাজ করছে। এটি একটি সমন্বিত প্রয়াস। যদি কোনো ত্রুটি থেকেও থাকে, তবে সেগুলো দ্রুত সমাধান করা হবে।
সিডিএ থেকে অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের বিষয়ে গণপূর্তমন্ত্রী বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারের তরফ থেকে ‘জিরো টলারেন্স’ থাকবে। আগে শুধু আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে প্ল্যান পাস হতো। এখন আমরা আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রোমেকানিক্যাল ও প্লাম্বিং— সব মিলিয়ে কমপ্লিট প্ল্যান একসঙ্গে সাবমিট করার ব্যবস্থা করছি। ভবনের কাজ শেষ হওয়ার পর আমরা বসবাস উপযোগী সনদ দেব। প্ল্যানের কোনো রূপ ব্যত্যয় ঘটলে এই সার্টিফিকেট দেওয়া হবে না। তখন ভবনে গ্যাস, বিদ্যুৎ বা পানির মতো কোনো ইউটিলিটি সংযোগ দেওয়া হবে না। অতীতে যারা প্ল্যানের ব্যত্যয় ঘটিয়েছেন, তাদেরকে কীভাবে আইনের আওতায় আনা যায়, তা আমরা খতিয়ে দেখব। এর আগে সকালে মন্ত্রী চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব