চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে একটি ডেকোরেশন দোকানের কর্মচারীর বিরুদ্ধে চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে। এ সময় তারা অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে রাতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুনে গাড়িটির অনেকাংশ পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি