প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 22-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ভালো নেই রামিসার বিড়াল
রিপোর্টার্স ডেস্ক: শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতায় পুরো দেশ স্তব্ধ। শিশুটির শোক যেন ছুঁয়ে গেছে সব কিছুকে। তার আদরের বিড়ালও দুদিন ধরে কিছুই খাচ্ছে না। গতকাল বুধবার মুন্সিগঞ্জে রামিসাকে দাফন শেষে পরিবার রাজধানীর পল্লবীর বাসায় ফিরেছে। ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রামিসার স্মৃতি। এগুলো শোক আরও বাড়িয়ে দিচ্ছে।
রামিসার ফুপু হাসনাহেনার কোনো সন্তান নেই। রামিসাকে মেয়ের মতোই আদর স্নেহ করতেন তিনি। রান্না ঘরে শুয়ে থাকা বিড়ালকে দেখিয়ে বললেন, ‘রামিসার বিড়ালটাও শোকে গতকাল থেকে কিছুই খাচ্ছে না। বিড়ালাটা ওর ভালোবাসা অনুভব করছে।’
পাশে দাঁড়িয়ে কথা বললেও বিড়ালটা একবার ফিরেও তাকাল না। মেঝেতে মরার মত পড়ে আছে। টেনে ধরেও খাওয়ানো যাচ্ছে না। কথা বলতে বলতে একটা বাটিতে কিছু খাবার নিয়ে বিড়ালটার সামনে ধরলেন রামিসার ফুপু। কিন্তু এবারও খেল না।
বিড়ালটিকে ছেড়ে দিয়ে আবারও কান্নায় ভেঙে পড়লেন হাসনাহেনা। তিনি বলেন, ‘এই অবুঝ বিড়ালটিও বুঝেছিল, রামিসা ওকে কত ভালবাসতো। এই রকম ফুলের মত মেয়ের সঙ্গে যে ব্যক্তি এমন নিষ্ঠুরভাবে নরপিশাচের মতো আচরণ করতে পারে, তাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’