স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশ্বাস দিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, এবারের ঈদযাত্রায় কোনো ধরনের বড় সিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই।
শনিবার (২৩ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
রেল সচিব বলেন, টিকিট কেটে ট্রেনে উঠতে না পারার মতো পরিস্থিতি এবার হবে না। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, ঈদযাত্রার শুরুতেই শনিবার সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সকাল ৫টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে পুনরায় যাত্রা শুরু করানো হয়। এতে কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়।
ফাহিমুল ইসলাম বলেন, শুরুতে কিছুটা বিলম্ব হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে। তবে জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে বলে আশা করছি।
লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথাও তুলে ধরেন রেল সচিব। তিনি বলেন, মিটারগেজ লোকোমোটিভে কিছু সংকট রয়েছে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৭৮ থেকে ৭৯টি প্রস্তুত রয়েছে। আগামীকাল থেকে তা ৮০টির বেশি হবে বলে আশা করছি।
ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।
স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রেল সচিব। তিনি বলেন, টিকিট ছাড়া যাত্রীরা যেন স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, যাত্রীচাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। ঈদের সময় রেলের চাহিদা অনেক বেশি থাকে, যা পুরোপুরি পূরণ করা সম্ভব হয় না।
যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/ ঝুম