এন্টারটেইনমেন্ট ডেস্ক: কথায় আছে— ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। জায়েদ খানও যেন তাই। যুক্তরাষ্ট্রে উপস্থাপনা, স্টেজ ব্যস্ত সময় কাটালেও অভিনয় ছাড়েননি। বরং আরও এক ধাপ এগিয়েছেন। এবার স্ক্রিনশেয়ার করেছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে।
‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ নামের একটি শর্টফিল্মে একসঙ্গে দেখা যাবে মামদানি-জায়েদকে। প্রবাসীদের দুঃখ সুখ নিয়ে নির্মিত শর্টফিল্মটির প্রথম এপিসোড প্রকাশ পায় গত মার্চে। এবার আসতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় এপিসোড।
সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।’
শর্টফিল্মে মামদানির যুক্ত হওয়া প্রসঙ্গে জায়েদ বলেন, ‘এটা সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তাঁর সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তাঁরাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেই সাথে আমার বিস্তারিত তাঁদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তাঁর ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।’
তার কথায়, ‘তাঁর (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর। তবুও অভিনয় করার সময় তিনি বারবার পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।’
আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ঠিকানার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে শর্টফিল্মটি। পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন।
রিপোর্টার্স২৪/ধ্রুব