নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার বেলাল মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেন নামের এক ব্যক্তির পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন গোডাউনের ভেতরে প্রবেশ করে একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহটি অনেকটা পচে গেছে এবং বাজে অবস্থায় রয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি