কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। রোববার ( ২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, লাহিনীপাড়া - সান্দিয়ারা জিকে ক্যানেল সড়ক ঘেঁষে যুবদলনেতা প্রান্ত বিশ্বাসের রঙিণ টিনশেডের চৌচালা ঘর। ঘরটির দুইটি বেড়া ও টিনের গেটের কয়েকটি স্থানে কাটা ক্ষত। সেখানে উৎসুক কয়েকজন জনতা ও দলীয় নেতা ছুটে এসেছেন।
এ সময় ছাত্রদল নেতার ভাবি সাথী খাতুন বলেন, ' ভোরে হঠাৎ বিকট শব্দে ভেঙে যায়। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে ছিটকানি লাগানো। ভয়ে চিৎকার চেঁচামিচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
প্রতিবেশী রেজাউলের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বলেন, ' গুলির মতো শব্দ শুণে প্রথমে ভাবলাম গরু ডাকাতি করতে আইছে। পরে সবাই এসে দেখি দরজায় ছিটকানি লাগানো। টিনের বেড়ায় কোপের দাগ। তবে কাউকে দেখা যায়নি।'
ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাস বলেন, 'ফজরের আযানে আনুমানিক ২০ - ২৫ মিনিট আগে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। তারপর ঘরের বাইরে থেকে বেশ কয়েকজন বকাবকি করতেছে আর বেড়ায় কোপ দিচ্ছে। মাত্র দুই মিনিটের মধ্যে কোপাকুপি করে তারা চলে যায়। তবে কাউকে চিনতে পারিনি।' তার ভাষ্য, হামলাকারীরা দুই রাউন্ড গুলি ফুটিয়েছে।
প্রান্ত বিশ্বাস বলেন, ' স্থানীয় মহিলা মেম্বর মরিয়ম খাতুনের স্বামী নিজাম উদ্দিনের সঙ্গে এক লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। তারা কয়েকবার প্রকাশ্যে হুমকিও দিছে। এনিয়ে থানায় জিডি ও লিখিত অভিযোগ করা আছে। একাধিকবার বসাবসিও হয়েছে।' তার ভাষ্য, মেম্বরের স্বামী ও তার লোকজন হামলা চালিয়েছে।
অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মরিয়ম বলেন, ' ডাকুয়া নদী ইজারা নিয়ে মাছ চাষের ব্যবসা আছে। ৫ আগষ্টের পর প্রান্ত নদীর ভাগ চেয়েছিল। কিন্তু ভাগ না দেওয়ায় এক লাখ টাকা পাওনা দাবি করছে। যদি প্রমাণ থাকে তাহলে টাকা ফেরত দিব। তবে হামলায় আমরা জড়িত নই।'
যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বলেন, ছাত্রদল নেতা প্রান্ত খুব নিরীহ মানুষ। তবুও তার বাড়িতে রাতের আধারে কে বা কাহারা হামলা করেছে তা দুঃখজনক। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আহবান জানান তিনি।
গুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু