স্টাফ রিপোর্টার: চলতি বছর ২০২৬-এর মে মাসের ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার, যা গত বছরের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা তাদের দেশে থাকা পরিবারের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এতেই বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ।
এর আগে, গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ রেকর্ড। ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও রেমিট্যান্স ৩০০ কোটি ডলারের ওপরে ছিল।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
রিপোর্টার্স২৪/ধ্রুব