লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৩ মে) বিকেলে রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই ঘরে মা-মেয়েসহ একটি পরিবার ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের অভিযোগ, তরুণী রানি আক্তার ফারিয়া প্রায়ই টিকটক ভিডিও তৈরি করতেন। ঘটনার সময় রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে ভিডিও ধারণের চেষ্টা করলে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
বাড়ির মালিক রুবিনা বেগম বলেন, আগে থেকেই ফারিয়াকে টিকটক ভিডিও না করতে বারবার নিষেধ করা হয়েছিল। তার অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
ফারিয়ার ভাই মিরাজ জানান, ঘটনার সময় তিনি ও তার মা বাসায় ছিলেন না। আগুনে তার বিদেশযাত্রার জন্য জমানো টাকাসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর থেকে ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি