সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করে মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) ও ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সবাই ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন ওই গৃহবধূ। অভিযোগ রয়েছে, প্রতিবেশী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
শুক্রবার গভীর রাতে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকার সুযোগে কয়েকজন মিলে পরিকল্পিতভাবে বাসায় প্রবেশ করে। এ সময় বাইরে কয়েকজন পাহারায় ছিল। পরে সাইফুল ইসলাম ও তার সহযোগী ঘরে ঢুকে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে বাইরে থাকা অন্যরা ঘরে ঢুকে পড়ে। এ সময় একজন মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং বিষয়টি কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরদিন সকালে স্বামী বাসায় ফিরলে পুরো ঘটনা জানানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় শনিবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারাও যুক্ত করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি