এন্টারটেইনমেন্ট ডেস্ক: পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাধার বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের গুরুতর অভিযোগ এনে মামলা করেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল।
গত ২২ মে লাহোরের চুং থানায় এফআইআরটি দায়ের করা হয়। অভিনেত্রীর অভিযোগ, সাকিব তাকে এবং তার হবু স্বামীকে ফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
মোমিনা জানান, এই আইনপ্রণেতা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সাকিব আগে থেকে বিবাহিত এবং তার দুজন স্ত্রী রয়েছে। এই বিয়ের খবর জানতে পেরে মোমিনা তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে ওই রাজনীতিক তার ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার শুরু করেন। এখানেই শেষ নয়। শুধু মোমিনাই নন, তার বোনের ফোনেও হুমকিমূলক ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।
এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, মোমিনা ও সাকিবের মামলায় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি সহ্য করা হবে না। যেকোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ও আপোষহীন ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: জিও টিভি
রিপোর্টার্স২৪/ধ্রুব