স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালের আগস্টে অনুশীলন ও খেলার উদ্দেশ্যে আর্জেন্টিনা সফরে গিয়েছিলেন তরুণ ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন। তিন মাসের সেই সফরে বুয়েন্স এইরেস, লা প্লাতা ও হুনিন শহরের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। দুটি টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তিন গোলও করেন এই ফরোয়ার্ড।
দেশে ফিরে এবার পিডাব্লিউডি-র হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন ২৩ বছর বয়সী স্বাধীন। চলতি মৌসুমে তিন গোলের পাশাপাশি করেছেন চারটি অ্যাসিস্ট। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক দলে।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে ডাক পাওয়ায় বেশ উচ্ছ্বসিত স্বাধীন। সোমবার শুরু হওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে নতুন কোচ থমাস ডুলির অধীনে নিজেকে প্রমাণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্বাধীন বলেন, প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে জায়গা পেয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের। জানি, চূড়ান্ত দলে জায়গা পাওয়া কঠিন হবে। তারপরও সর্বোচ্চ চেষ্টা করবো।
এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরর বিপক্ষে ৪৫ সদস্যের দলে নাম থাকলেও আবাসিক ক্যাম্পে সুযোগ পাননি স্বাধীন। সেই হতাশার কথা স্মরণ করে তিনি বলেন, তখন ক্যাম্পে ডাক না পেয়ে খুব কষ্ট পেয়েছিলাম। এবার তাই আশা ছিল, আবার শঙ্কাও ছিল। আল্লাহর রহমতে এবার সুযোগ পেয়েছি। এখন পুরো মনোযোগ অনুশীলনে।
স্বাধীনের পজিশনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ফাহমিদুল ও শাহরিয়ার ইমনরা। এ প্রসঙ্গে যশোরের শামসুল হুদা একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার বলেন, আমি নিজের কাজটা ঠিকভাবে করতে চাই। বাকিটা সময় বলে দেবে। কাজটা কঠিন, তবে চেষ্টার কমতি রাখবো না।
রিপোর্টার্স২৪/বাবি