রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলার ঘটনায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের দুঃসাহসিক ঘটনার “যোগ্য জবাব” দেওয়া হবে এবং কোনোভাবেই সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সময়ে কার্যকর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না থাকায় জঙ্গল সলিমপুর ধীরে ধীরে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। তবে সরকার এখন খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ওই এলাকায় পুলিশের ট্রেনিং সেন্টার ও একটি কারাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করবে।
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদে মহাসড়কে বড় ধরনের কোনো সংকট সৃষ্টি হয়নি। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো পুলিশ সদস্য যদি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমনকি চাকরিচ্যুতিও করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, কিছু বিচ্ছিন্ন সীমান্ত ঘটনা ছাড়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মতো কোনো অবস্থা নেই।
উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান পরিচালিত হয়। এরপর এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সেখানে স্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম