আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দেশটির সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সারাই আলমগীর ও আশপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এছাড়া ভেরা, মালকওয়াল, ফালিয়া ও মান্দি বাহাউদ্দিন এলাকাতেও তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পর জালালপুর শরীফ এলাকায় একটি বাড়ির ছাদ ধসে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝেলাম জেলার পিন্ড দাদান খান তহসিলের কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝেলামের ডেপুটি কমিশনার মির রেজা ওজগেন জানান, ভূমিকম্পে প্রায় ১০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল ঝেলাম শহরের দক্ষিণ-পশ্চিমে ৫৮ কিলোমিটার দূরে।
প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবাদানকারী দল মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি