স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী ৩০ মে রাজধানীর ১৬টি স্থানে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
রিপোর্টার্স২৪/বাবি