রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একইসঙ্গে তিনি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে এবং মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা দেয়।
তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল শিক্ষা নিহিত রয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।
পরিবেশ সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোরবানি সঠিকভাবে সম্পন্ন করার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে পরিবেশ দূষণ না হয় এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।
তিনি আরও বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহার করলে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।
শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সবার কোরবানি কবুলের দোয়া করেন।
রিপোর্টার্স২৪/ঝুম