ঝিনাইদহ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন।
বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়াচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে কড়া ভাষায় সমালোচনা করেন।
রাশেদ খান বলেন, আমার মনে হয় নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন। তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না।
তিনি আরও বলেন, তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন এবং গালাগাল শিখাচ্ছেন, তা রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আমি তাকে বলতে চাই, আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিয়ে রাশেদ খান দাবি করেন, তিনি নিয়মিত অশালীন বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তবে তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন তিনি।
রিপোর্টার্স২৪/বাবি