স্টাফ রিপোর্টার: ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান তিনি। সম্প্রতি সেখানে মিসাইল হামলায় নিহত হন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জানা গেছে, বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে ফেরত আনা হয়। গত ২৭ মে স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK-0843-এ মরদেহটি তুরস্কে পাঠানো হয়। সেখানে প্রায় ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে ফ্লাইট TK-0712 যোগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন-কাফনের জন্য নিহতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।