স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা শেষ হলেও রাজধানী ছাড়ার ধারা থামেনি। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকায় ঈদ উদযাপন করা অনেক মানুষ গ্রামের পথে রওনা হয়েছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়কে ঘরমুখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটিতে ঢাকার জনচলাচল অনেকটাই কমে এসেছে। ফাঁকা সড়ক ও স্বাভাবিক ট্রাফিক পরিস্থিতির কারণে যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে ভ্রমণ করছেন। অন্যান্য সময়ের ঈদযাত্রার তুলনায় চাপ ও বিশৃঙ্খলাও কম দেখা গেছে।
কল্যানপুরে একটি বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী আরমান ইসলাম বলেন, ঈদের দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। এখন গ্রামে যাচ্ছি মা-বাবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। ঈদের পরপরই সড়কে যানজট কম থাকে, তাই যাত্রাটা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।
মহাখালী আরেক যাত্রী আফরোজা আক্তার জানান, অফিসের ছুটির কারণে আগে বের হতে পারেননি। তাই ঈদের দ্বিতীয় দিনেই গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বলেন, ঢাকার রাস্তাঘাট ফাঁকা থাকায় কোনো ভোগান্তি ছাড়াই বাসে উঠতে পেরেছি।
রাজধানীর বিভিন্ন মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি অনেককে সরাসরি স্টপেজ কিংবা সড়কের পাশ থেকেই পরিবহনে উঠতে দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের দিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কমলেও এখনো স্বাভাবিকভাবে মানুষ ঢাকা ছাড়ছেন। একটি বাস কাউন্টারের কর্মী বলেন, সকালে যাত্রীর চাপ বেশি ছিল। এখন মাঝারি চাপ রয়েছে। তবে বড় ধরনের ভিড় বা বিশৃঙ্খলা নেই।
ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। ফাঁকা সড়ক, কম যানবাহন ও তুলনামূলক শান্ত পরিবেশে এখনো অনেক মানুষ নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন।
রিপোর্টার্স২৪/বাবি