ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার স্কটসব্লাফে এক অবিশ্বাস্য ঘটনায় বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক নারী। আর সেই গুলি ছোড়ার পেছনে ছিল একটি কুকুর যা ট্রাকের পেছনের আসনে বসা অবস্থায় দুর্ঘটনাবশত শটগানের ট্রিগারে চাপ দিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম কেএনওপি নিউজ-২-এর বরাতে জানা যায়, একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে পার্ক করা ট্রাক থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, ট্রাকটির একটি দরজা ক্ষতিগ্রস্ত এবং পাশে থাকা এক নারী আহত অবস্থায় রয়েছেন।
ঘটনাটি ঘটে ২০০২ অ্যাভিনিউ আই এলাকায় অবস্থিত ‘শর্ট স্টপ’ নামের একটি গ্যাস স্টেশন ও দোকানের সামনে।
পুলিশের তদন্ত অনুযায়ী, ট্রাকটি দোকানের সামনে থামার পর পেছনের আসনে থাকা কুকুরটি নড়াচড়া করতে থাকে। সেই সময় গাড়ির ভেতরে থাকা গুলিভরা শটগানের ওপর কুকুরটির চাপ পড়ে এবং ট্রিগার সক্রিয় হয়ে গুলি বেরিয়ে যায়। এতে ট্রাকের দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে থাকা নারী বাহুতে ছররা গুলিতে আহত হন।
আহত নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয় এবং তিনি আশঙ্কামুক্ত।
পুলিশ আরও জানায়, নেব্রাস্কায় যানবাহনের ভেতরে গুলিভরা শটগান রেখে চলাচল করা আইনত নিষিদ্ধ। ফলে ঘটনাটি দুর্ঘটনা হলেও অস্ত্র সংরক্ষণ ও পরিবহনের নিয়ম লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ একটি কুকুরের অসাবধানতাজনিত আচরণে প্রাণঘাতী অস্ত্র সক্রিয় হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল।
সূত্র: ফক্স নিউজ
রিপোর্টার্স২৪/ঝুম