স্টাফ রিপোর্টার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পদ্মাসেতুও হবে, তিস্তা মহাপরিকল্পনার কাজও হবে এবং তা একযোগেই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে কোনো লাভ হবে না।
শুক্রবার (২৯ মে) লালমনিরহাট সদরে বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী দুলু বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি করেনি, শুধু দুর্নীতি করেছে। তবে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ সময়ের শিক্ষার্থীরা মোবাইলে জুয়া, গেমস আর বিনোদন দেখা নিয়ে ব্যস্ত থাকে। এতে শিক্ষার যেমন ক্ষতি হয় কারো কারো জিবনও ধ্বংস হয়ে যায়। মোবাইল ফোনের প্রয়োজন রয়েছে তবে এটির সঠিক ব্যবহার করতে হবে।
এদিকে ‘এসো স্মৃতির অঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগানে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আনন্দ আড্ডা, স্মৃতিচারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠিত হয় সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব