রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোক বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৬-২০২৫ এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মো. শামসুজ্জামান মিষ্টু। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর মো. আবু হাসান চঞ্চল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের পুনর্মিলনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সকালে জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোসেশন ও আনন্দ আড্ডায় অংশ নেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় করতে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
রঙিন সাজসজ্জা, ব্যানার ও বেলুনে সজ্জিত বিদ্যালয় ক্যাম্পাসটি দিনভর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/বাবি