স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নামে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন প্রবেশদ্বার এবং শহীদ সাজিদ ভবনের দেয়ালে এসব পোস্টার দেখতে পান শিক্ষার্থীরা।
পোস্টারগুলোতে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা’ নাম ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে আলোচনা শুরু হয়।
ভিডিওতে কয়েকজনকে পোস্টার লাগানোর কাজে অংশ নিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কারও সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়নি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিষয়টির সত্যতা যাচাইয়ে প্রশাসন কাজ করছে। বিশেষ করে ওই সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি বলেন, রাত বা ভোরের নির্দিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রক্টর আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি