রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর (২৩) মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হুগলি জেলার মগরা থানার অন্তর্গত নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ কক্ষে সায়নীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে সায়নী চক্রবর্তী একজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগার ছিলেন। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মা মলি চক্রবর্তীর সঙ্গে গ্রামীণ জীবনভিত্তিক ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বিশেষ করে ‘সুন্দরী’ নামের পোষ্য গরুকে ঘিরে নির্মিত তার নানা ভিডিও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন সায়নী। নিয়মিত কনটেন্ট প্রকাশের ধারাবাহিকতায় তিনি নতুন একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভক্ত-অনুরাগীরাও তার পরবর্তী কনটেন্টের অপেক্ষায় ছিলেন। তবে এরই মধ্যে তার মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে নেমে আসে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টার্স২৪/ঝুম