লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান—একই পরিবারের তিনজনই রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, যা সহজ কোনো বিষয় নয়।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, তারেক রহমান পিতা-মাতার আদর্শ অনুসরণ করে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেমন দেশপ্রেমিক ও জনবান্ধব নেতৃত্ব দিয়েছেন, তারেক রহমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশ পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, বিএনপি অতীতে যেমন দেশের মানুষের জন্য কাজ করেছে, বর্তমানেও করছে। দলটি জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলেই বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আগামী দিনগুলোতেও তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান ও নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি