রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম কয়েকটি ফিরতি ফ্লাইটে হাজারো হাজি দেশে পৌঁছেছেন। তবে এবারের হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, রোববার (৩০ মে) রাত ৩টা পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইটে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন।
প্রথম ফিরতি ফ্লাইট (এসভি-৫৮০৬) স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজিকে পরিবহণ করেছে।
এ পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় ইন্তেকাল করেন।
এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন মোট ১৭৬ জন হাজি। বর্তমানে আরও ২৬ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী প্রেরণের কোটা নির্ধারণ করা হয়। প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে ১৮ এপ্রিল, আর শেষ ফ্লাইটটি যায় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
রিপোর্টার্স২৪/ঝুম