রিপোর্টার্স২৪ ডেস্ক: আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদের শেষ অধিবেশনের আগে প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি গঠনের বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে। বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দিলেই জুলাই সনদের পথ ধরে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনের শেষ সেশনের আগে আমরা ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। এর মধ্যে আমাদের পক্ষ থেকে সাতজন, পাঁচজন স্বতন্ত্র সংসদ সদস্য এবং পাঁচজন বিরোধী দলের প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। বিরোধী দল তাদের পাঁচজন সদস্যের নাম এখনো দেয়নি। তারা জানিয়েছে, পরবর্তী অধিবেশনে দেবে। আমরা অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের নাম পাওয়া গেলেই সংবিধান সংশোধনের প্রক্রিয়া “জুলাই সনদের” ধারাবাহিকতায় এগিয়ে নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে বাতিল হওয়া অধ্যাদেশগুলো পুনরায় উপস্থাপন করা হবে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি বাতিল নয়, বরং এখনো পর্যালোচনাধীন রয়েছে। তিনি জানান, মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন আইন নিয়ে ইতোমধ্যে প্রাথমিক পরামর্শ হয়েছে এবং প্রাপ্ত সুপারিশগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কিছু আইন সামনে আনার পরিকল্পনাও রয়েছে।
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনা করবে।
তিনি বলেন, সরকার দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করেছে এবং আদালতের কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করছে। সোমবার আদালত খুললে মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য উঠবে বলেও তিনি জানান।
আইনমন্ত্রী আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আদালতের দায়িত্ব। আমরা শুধু প্রক্রিয়াগত সহযোগিতা করতে পারি। তবে সাক্ষ্য-প্রমাণ ও আসামির জবানবন্দির ভিত্তিতে আদালত উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করি।
রিপোর্টার্স২৪/ঝুম