চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও মালিকবিহীন লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল আন্তর্জাতিক আগমন হলের ৩ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি-৯৫২০-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় থাকা আরও ৬৯৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।
উদ্ধার হওয়া সিগারেটের মধ্যে ‘মন্ড’ ও ‘ম্যানচেস্টার’ ব্র্যান্ডের সিগারেট ছিল। সব মিলিয়ে জব্দ করা সিগারেটের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৯৮ কার্টন।
যাদের ব্যাগেজ থেকে সিগারেট উদ্ধার করা হয়েছে তারা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা সিগারেটের বিপরীতে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। উদ্ধারকৃত চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আটক তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে। আমদানি-নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।