রিপোর্টার্স২৪ ডেস্ক: সলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১ জুন) সকাল থেকেই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”-এর সদস্যরা। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে তারা নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদ জানান এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক ও ব্যাংক এলাকার সামনে থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। এ সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং পরে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ “অতিরিক্ত শক্তি প্রয়োগ” করেছে। তাদের দাবি, নবনিযুক্ত চেয়ারম্যান এস আলমের ঘনিষ্ঠ হওয়ায় তার নিয়োগকে ঘিরে ব্যাংকের স্বচ্ছতা ও সুশাসন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই তারা পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনে নামেন।
পুলিশের অভিযানে প্রাথমিকভাবে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পর তারা আবারও ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে, একই দাবিতে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম” মানববন্ধন করে এবং সতর্ক করে জানায়, সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ব্যাংক এলাকা ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম