রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর মর্মান্তিক ঘটনায় আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত।
সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত পরিচালনা করছে।
তিনি আরও জানান, ঘটনাটিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতোমধ্যে তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
মন্ত্রী বলেন, শিশুদের মায়েদের বক্তব্য গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও নির্ভুল ও কার্যকর করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও বাস্তবভিত্তিক তদন্ত নিশ্চিত করতে কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। সে কারণে আগামী ৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারিভাবে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হলেও কোনো অভিভাবক এতে সম্মতি দেননি। জোরপূর্বক ময়নাতদন্ত করলে নতুন জটিলতা সৃষ্টি হতে পারত বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম