নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় একটি মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বারহাট্টা হাফিজিয়া দারুল উলূম মুহিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা আনোয়ার হোসেন জানান, এক নারী প্রথমে পুকুরে নবজাতক শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দ্রুত বারহাট্টা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ সহ রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম