বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থান ও টহল জোরদারের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (১ জুন) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার মাঠসংলগ্ন অংশে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রাতের আঁধারে সীমান্তের কাঁটাতারের একটি অংশ খুলে প্রায় ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। একই সময় সীমান্ত এলাকায় লাইট বন্ধ রেখে গোপনে ওই কার্যক্রম চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
তবে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে কেউই বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সূত্র জানায়, বর্তমানে ১০ থেকে ১২ জনকে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি শূন্যরেখায় অবস্থান করানো হয়েছে। তাদেরও বাংলাদেশে পাঠানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তজুড়ে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, রাতভর সীমান্তে টহল জোরদার থাকায় বিএসএফের পুশইন চেষ্টা সফল হয়নি। বর্তমানে ওই ব্যক্তিরা শূন্যরেখায় অবস্থান করছে।
তিনি আরও বলেন, বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্যা সমাধানে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম