চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে প্রবাস থেকে স্বামী দেশে ফেরার মাত্র এক ঘণ্টার মধ্যে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুরপাড় এলাকায় বাড়ি থেকে কয়েকশ ফুট দূরে একটি গোসলখানা থেকে প্রিয়া শীল (২৬) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে। ২০১৯ সালে তার বিয়ে হয় রাউজানের দুবাইপ্রবাসী নয়ন শীলের সঙ্গে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১০ জুন নয়ন শীলের দেশে ফেরার কথা থাকলেও তিনি পরিবারের কাউকে না জানিয়ে সোমবার সকাল ১০টার দিকে বাড়িতে পৌঁছান। এর প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের একটি গোসলখানা থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মা রূপনা শীল অভিযোগ করেন, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বামীর শারীরিক সমস্যার বিষয়টি সামনে আসে। এ নিয়ে দাম্পত্য জীবনে কলহ চলছিল। তিনি বলেন, “প্রথমে আমাদের জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আত্মহত্যার খবর পাই।”
তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বামী নয়ন শীল বলেন, আমার স্ত্রী গোসলখানায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দরজা ভেঙে আমি নিজেই তাকে উদ্ধার করি এবং পরে পুলিশকে খবর দিই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি