স্টাফ রিপোর্টার: মশক নিধনের কার্যক্রম সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশেই বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই কার্যকর সমাধান বের করা সম্ভব।
সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরসংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাব অনুযায়ী, সফরটির অর্থায়ন করার কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি।
প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মশক নিধন কার্যক্রম শেখা বা পর্যবেক্ষণের জন্য ফ্লোরিডা যাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই–তিন ঘণ্টা থাকলেই মশক নিধনের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
তিনি প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকে দেশের মশক সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর নিরুৎসাহিত করার বার্তা হিসেবে দেখছেন।
রিপোর্টার্স২৪/বাবি