স্পোর্টস ডেস্ক: একই টেস্ট ম্যাচে প্রয়োজন অনুযায়ী লাল ও গোলাপি—দুই ধরনের বল ব্যবহারের প্রস্তাব অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরীক্ষামূলকভাবে নতুন এ নিয়ম চালু করা হচ্ছে, তবে খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হওয়ার পরিস্থিতিতেই কেবল গোলাপি বল ব্যবহারের সুযোগ থাকবে।
সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আইসিসি জানিয়েছে, দিনের আলো কমে গেলে এবং খেলা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়লে ফ্লাডলাইটের আলোতে গোলাপি বলে ম্যাচ চালানো যাবে। তবে এ ক্ষেত্রে অংশগ্রহণকারী দুই দলের সম্মতি থাকতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরু হবে লাল বলে। দিনের শেষভাগে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হলে অবশিষ্ট ওভারগুলো গোলাপি বলে খেলা যেতে পারে। এর ফলে খারাপ আলোর কারণে সময় নষ্ট না করে খেলা চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছে আইসিসি।
এ ছাড়া টেস্ট ক্রিকেটে নতুন আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের মতো পানি পানের বিরতিতে কোচরা মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত আলোচনা করতে পারবেন। বোলারদের বোলিং অ্যাকশন বৈধ কি না, তা মূল্যায়নে হক-আই প্রযুক্তির তথ্য ব্যবহারেরও অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে ক্রিকেট কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটির দল আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারবে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনার জন্য আইসিসির একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণাও দেওয়া হয়েছে।
আইসিসি আরও জানিয়েছে, ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এমার্জিং নেশনস ট্রফিতে ১০টি দল অংশ নেবে, যার মধ্যে পাঁচটি পূর্ণ সদস্য এবং পাঁচটি সহযোগী সদস্য দেশ থাকবে।