স্পোর্টস ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে উন্মাদনা। খেলা শুরু হওয়ার আগেই জার্সি ও পতাকা বিক্রিতে জমে উঠেছে বাজার। ফুটপাত থেকে শুরু করে স্পোর্টস শোরুম সবখানেই শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের জার্সি।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত ও স্পোর্টস মার্কেট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা খুচরা ব্যবসায়ীরা পাইকারিভাবে জার্সি কিনছেন। পাশাপাশি সাধারণ ক্রেতারাও নিজেদের পছন্দের দলের জার্সি সংগ্রহ করছেন।
দোকানগুলোতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের জার্সি সাজানো রয়েছে। ফুটপাতে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে জার্সি পাওয়া গেলেও শোরুমগুলোতে দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে, উন্নতমানের জার্সির দাম পৌঁছাচ্ছে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ ঘিরে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় জার্সির দামও বেড়েছে। অন্যান্য সময়ের তুলনায় প্রতি পিস জার্সিতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।
গুলিস্তান স্পোর্টস মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, সব দলের জার্সি বিক্রি হলেও সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির। গ্রামাঞ্চলেও এই দুই দলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি।
লালবাগ থেকে দুই নাতনির জন্য আর্জেন্টিনার জার্সি কিনতে আসা মো. সেলিম হোসেন বলেন, তিনি নিজে আর্জেন্টিনার সমর্থক এবং তার পরিবারের অনেকেই বিভিন্ন দলের সমর্থক। বিশ্বকাপ এলেই তাদের পরিবারে আলাদা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
জুরাইন থেকে আসা দশম শ্রেণির শিক্ষার্থী লাহিন জানান, তিনি নিজের জন্য আর্জেন্টিনার জার্সি এবং ছোট ভাইয়ের জন্য ব্রাজিলের জার্সি কিনেছেন।
নরসিংদীর মনোহরদী থেকে আসা পাইকারি ব্যবসায়ী সুমন বলেন, গ্রামাঞ্চলে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি। অন্যান্য দলের জার্সি তুলনামূলকভাবে কম বিক্রি হয়।
ফুটপাতের বিক্রেতা আব্দুল মান্নান জানান, তার কাছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে জার্সি পাওয়া যাচ্ছে এবং বিক্রি ভালো হচ্ছে। খেলা যত ঘনিয়ে আসবে বিক্রি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
গুলিস্তান স্পোর্টস মার্কেটের বিক্রেতা নূরে আলম মিয়াজি বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে জার্সির দাম বেড়েছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে পাইকারিভাবে পণ্য সংগ্রহ করছেন।
বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীর এই বাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিই সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে ক্রেতাদের।
রিপোর্টার্স২৪/ঝুম