রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নির্ধারিত নতুন দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার (২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও মহানগর পুলিশে এই রদবদল করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) এবং হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং একই ইউনিটের আরেক কর্মকর্তা অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
অন্যদিকে র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. দ্বীন-ই-আলকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১৬ জুন থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম