ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ২০ জন শিয়া নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রভাবশালী ধর্মীয় আলেম রয়েছেন বলে দাবি করা হয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়, বুধবার দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আলেমদের মধ্যে রয়েছেন সাইয়্যিদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক এবং শেখ মাহমুদ তাহেরি।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে দমন-পীড়নের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ এই গ্রেপ্তারের পর চলতি মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন শিয়া ধর্মীয় ও সামাজিক নেতাকে আটক করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর।
অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন এমন অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিস্তৃত ব্যাখ্যা ব্যবহার করে শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য এবং ভিন্নমত দমন করা হচ্ছে, যা রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।
এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। তারা আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম