কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও পরিবহনচালক। পরে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন করেন।
বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলে আসছে। একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করছিলেন। কিছু লোক মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক রাখে।
মানববন্ধনে জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, নিজ ঘরে পরবাসী সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার এলাকাবাসী অংশ নেন।