কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় মে মাসজুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। এ সময় ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন মাদক ব্যবসায়ী এবং ১৩ জন মাদকসেবী রয়েছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৮টি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে আটক ১৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তি প্রদান করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কালাই থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন