স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেতে ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৩০০ ফিট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩১)। তিনি খিলক্ষেত থানার বড়ুয়া শিলনপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার পিতার নাম মো. সিরাজ দেওয়ান।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ বা কোনো সংগঠন জড়িত আছে কি না, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক ব্যক্তির অতীত কর্মকাণ্ড ও সাম্প্রতিক চলাফেরা নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি